SIP না কি FD? ১২ বছরে ৬ লাখ টাকা বিনিয়োগ করলে কে বেশি রিটার্ন দেবে? রইল সম্পূর্ণ হিসেব

 SIP না কি FD? ১২ বছরে ৬ লাখ টাকা বিনিয়োগ করলে কে বেশি রিটার্ন দেবে? রইল সম্পূর্ণ হিসেব

SIP vs FD: এসআইপিতে প্রতি মাসে বা নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয়। কমপাউন্ডিংয়ের সুবিধা মেলে।

এখন মিউচুয়াল ফান্ডেরই বাজার। সবাই এসআইপির মাধ্যমে বিনিয়োগ করছেন। তবে চিরাচরিত বিনিয়োগ বিকল্প মানে ফিক্সড ডিপোজিটও পিছিয়ে নেই। নির্দিষ্ট রিটার্নের গ্যারান্টিই এর ইউএসপি। কিন্তু বিনিয়োগের জন্য কোনটা লাভজনক?

এসআইপিতে প্রতি মাসে বা নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয়। কমপাউন্ডিংয়ের সুবিধা মেলে। ফলে দীর্ঘমেয়াদে বিপুল রিটার্ন পান বিনিয়োগকারী। কিন্তু রিটার্ন নির্ভর করে বাজারের উপর। আগেভাগে কিছু বলা যায় না। অন্য দিকে, ফিক্সড ডিপোজিটে শুরুতেই পুরো টাকা বিনিয়োগ করতে হয়। সুদের হার ঠিক হয়ে যায় তখনই। ফলে রিটার্ন কত মিলবে আগাম জানা যায়।

যাঁরা ঝুঁকি নিতে স্বচ্ছন্দ, তাঁদের জন্য এসআইপি আদর্শ। তবে দীর্ঘমেয়াদে ঝুঁকি কম থাকে। রিটার্নও ভাল মেলে। আর যাঁরা কোনও রকম ঝুঁকি নিতে রাজি নন, গ্যারান্টিযুক্ত রিটার্ন খুঁজছেন, তাঁদের জন্য ফিক্সড ডিপোজিটের কোনও বিকল্প নেই। এখন দেখা যাক কোনটা থেকে রিটার্ন বেশি মিলবে।

মিউচুয়াল ফান্ড পুরোপুরি বাজারের সঙ্গে যুক্ত। ফলে বাঁধাধরা রিটার্নের গ্যারান্টি কেউ দিতে পারে না। কখনও ১০, কখনও ১২ আবার কখনও ১৮-১৯ শতাংশ হারেও সুদ মিলতে পারে। সোজা কথায়, বাজার উঠলে ভাল রিটার্ন পাওয়া যাবে। আর বাজার পড়লে লোকসান। আর্থিক বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে এসআইপি থেকে ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়।

এই হিসেবে ১২ বছরের জন্য ৬ লাখ টাকা বিনিয়োগ করলে এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী, ১২ শতাংশ সুদের হারে আয় হবে ১২,৬৩,৫০৯ টাকা। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে তিনি রিটার্ন পাবেন ১৮,৬৩,৫০৯ টাকা।

অন্য দিকে, ফিক্সড ডিপোজিটে পুরো মেয়াদ জুড়ে বিনিয়োগ করা টাকা লক ইন পিরিয়ডে থাকে। অর্থাৎ এই টাকা আর তোলা যাবে না। হঠাত টাকার প্রয়োজনে যদি কেউ ফিক্সড ডিপোজিট ভাঙাতে চান, তাহলে জরিমানা দিতে হবে। যাইহোক, এসআইপি যেমন বাজারের সঙ্গে যুক্ত, ফিক্সড ডিপোজিট তা নয়। সুদের হারও নির্দিষ্ট। ফলে পুরো মেয়াদ জুড়ে বিনিয়োগ বজায় রাখতে পারলে লাভ হবেই। লোকসানের কোনও গল্প নেই।




ফিক্সড ডিপোজিটে সুদের হার একেক ব্যাঙ্কে একেক রকম। তবে খুব কম হলেও ৬.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এই হিসেবে ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ৬.৫ শতাংশ সুদের হারে ১২ বছরের জন্য ৬ লাখ টাকা এফডি করলে সুদ থেকে আয় হবে ৫,৪৩,৩৩৫ টাকা। তাহলে সুদ এবং আসল মিলিয়ে তিনি মোট ১১,৪৩,৩৩৫ টাকা রিটার্ন পাওয়া যাবে।

Comments